বইমেলা উপলক্ষ্যে নিউইয়র্কে মিতা হক ও মৌসুমী ভৌমিকের গান

আগামী ২৭ জুন, সন্ধ্যে সাড়ে ৬টায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসের ৭৯ স্ট্রীট ৩৪ এভিনিউতে অবস্থিত আইএস ১৪৫ স্কুল মিলনায়তনে গান গাইবেন মিতা হক ও মৌসুমী ভৌমিক।
উদ্যোক্তারা জানিয়েছেন, ২৭ তারিখের সঙ্গীত সন্ধ্যাতে মিতা হক রবীন্দ্রসঙ্গীত ছাড়াও অতুলপ্রসাদ, রজনীকান্ত এবং হারানো দিনের গান পরিবেশন করবেন। এদিকে, ‘আমি শুনেছি সেদিন’ সহ বহু আলোচিত গানের শিল্পী মৌসুমী ভৌমিক এই প্রথমবারের মত যুক্তরাষ্ট্রে গান গাইবেন। আসরে জীবনধর্মী গান ছাড়াও কিছু নতুন গান পরিবেশন করবেন মৌসুমী ভৌমিক। মিতা হক ও মৌসুমী ভৌমিক ছাড়াও আসরে গান গাইবেন বর্তমান সময়ে কোলকাতার আলোচিত শিল্পী সাত্যকী ব্যানার্জী।
মুক্তধারা ফাউন্ডেশন আয়োজিত বইমেলার সহায়তার উদ্দেশ্যে আয়োজিত এই সঙ্গীত সন্ধ্যার টিকেটের মূল্য যথাক্রমে ১০, ২০ ও ৫০ ডলার। উল্লেখ্য, আগামী ২,৩,৪ ও ৫ জুলাই জ্যাকসন হাইটসের আইএস ১৪৫ স্কুল মিলনায়তনে বইমেলা ও বাংলা উৎসব অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ও ভারতের বেশ কয়েকটি বিখ্যাত প্রকাশনা সংস্থা ছাড়াও প্রায় ৩০টি সংস্থার হস্তজাত সামগ্রীর পশরা বসবে এবারের মেলাতে। শুক্র, শনি ও রোববার সকাল ১১ টা থেকে রাত ১১টা পর্যন্ত মেলা চলবে। সোমবার ৫ জুলাই রাত ৯টায় অনুষ্ঠান সমাপ্ত হবে।
আপলৌড ২০/৬/১০