• সাম্রাজ্যবাদ বিরোধী ৩য় আন্তর্জাতিক ঢাকা সম্মেলন ২০১১ সফল করার আহবান

    প্রেসবিজ্ঞপ্তি/২৩ নভেম্বর ২০১১

    স্বেচ্ছাসেবকদের বৈঠকের আহ্বান ২৭-২৯ নভেম্বর ২০১১ সাম্রাজ্যবাদ বিরোধী ৩য় আন্তর্জাতিক ঢাকা সম্মেলন ২০১১ সফল করুন

    আগামী ২৭-২৯ নভেম্বর ২০১১ ঢাকা মহানগর নাট্যমঞ্চে ইন্টারন্যাশনাল এন্টি-ইম্পেরিয়ালিস্ট এন্ড পিপলস সলিডারিটি কো-অর্ডিনেটিং কমিটি (IAPSCC) এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)-এর যৌথ উদ্যোগে আয়োজিত ‘৩য় আন্তর্জাতিক সাম্রাজ্যবাদ বিরোধী সম্মেলন’ সফল করার আহ্বান জানিয়েছেন বাসদ ঢাকা মহানগর শাখার নেতৃবৃন্দ।

    আজ ২৩ নভেম্বর ২০১১ বাসদ কেন্দ্রীয় কার্যালয়ে সম্মেলন উপলক্ষে স্বেচ্ছাসেবকদের এক সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন মহানগর আহ্বায়ক বজলুর রশীদ ফিরোজ, কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড জাহেদুল হক মিলু, ঢাকা মহানগর নেতা জুলফিকার আলী, খালেকুজ্জামান লিপন, আহসান হাবিব বুলবুল, ফখরুদ্দিন কবীর আতিক, মেহেদী হাসান তমাল, রাহাত আহম্মেদ, নজরুল ইসলাম রাসেল প্রমুখ।

    সভায় সম্মেলনের বিভিন্ন বিষয়ে প্রস্তুতি নিয়ে এবং স্বেচ্ছাসেবকদের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সম্মেলনের কর্মসূচির মধ্যে ২৭ নভেম্বর সকালে উদ্বোধন ও র‌্যালি এবং বিকেল ৩টায় উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হবে। বাসদ সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য রাখবেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন এটর্নী জেনারেল র‌্যামজে ক্লার্ক, নেপালের সাবেক প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহল প্রচন্ড, ভারতের মানিক মুখার্জি, তেল-গ্যাস রক্ষা জাতীয় কমিটির আহ্বায়ক প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহসহ উত্তর কোরিয়া, ভেনিজুয়েলা, পাকিস্তান, প্যালেস্টাইন, লেবাননের নেতৃবৃন্দ।

    ২৮-২৯ নভেম্বর দুইদিনব্যাপী প্রতিনিধি অধিবেশনে ২৭টি দেশের দেড় শতাধিক প্রতিনিধিসহ বাংলাদেশের বাম-প্রগতিশীল রাজনৈতিক নেতৃবৃন্দ ও বুদ্ধিজীবিগণ অংশগ্রহণ করবেন ও বক্তব্য রাখবেন। সম্মেলনের প্রতিপাদ্য বিষয় : ‘রাজনৈতিক, অর্থনৈতিক, সামরিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে সাম্রাজ্যবাদী আক্রমণ বিশেষত: ইরাক-লিবিয়া-প্যালেস্টাইন-ইরান-সিরিয়াসহ মধ্যপ্রাচ্য, আফগানিস্তান, ল্যাটিন আমেরিকা, কিউবা ও উত্তর কোরিয়ায় সাম্রাজ্যবাদী আগ্রাসন-দখল-লুন্ঠন-অবরোধ ও হুমকি।’

    স্বেচ্ছাসেবকদের সভায় নেতৃবৃন্দ বলেন, “সাম্রাজ্যবাদী লুটেরা ও দেশীয় মালিকশ্রেণীর স্বার্থে বিশ্বব্যাংক-আইএমএফ এর পরামর্শে বাংলাদেশের শাসকগোষ্ঠী যে বিশ্বায়ন-মুক্তবাজার নীতি অনুসরণ করছে তার ফলে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিসহ জনজীবনের সংকট বাড়ছে। বহুজাতিক কোম্পানিগুলো দেশের গ্যাস-কয়লা-বিদ্যুৎ খাতে লুটপাট চালাচ্ছে। ভারতের সাম্রাজ্যবাদী শাসকগোষ্ঠীর টিপাইমুখ বাধ নির্মাণের উদ্যোগ ও পানি আগ্রাসন সত্ত্বেও একতরফা করিডোর প্রদান করে নতুন বিপদ ডেকে আনা হচ্ছে। এসবের বিরুদ্ধে বাংলাদেশে চলমান আন্দোলনকে জোরালো করতে ও বিশ্বব্যাপী সাম্রাজ্যবাদ বিরোধী শক্তিশালী আন্দোলন গড়ে তুলতে আসন্ন সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”

    এছাড়াও আজ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় প্রচার মিছিল, লিফলেট বিতরণ, গণসংযোগ কর্মসূচি পালিত হয়।

    বার্তা প্রেরক
    মাঈন উদ্দিন চৌধুরী

আপনার মন্তব্য

এই ঘরে যা লিখবেন তা গোপন রাখা হবে।
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd>
  • Lines and paragraphs break automatically.

লেখা ফরম্যাট করার বিষয়ে আরো তথ্য

আপনি নিবন্ধিত সদস্য হলে আপনার ব্যবহারকারী পাতায় গিয়ে এই সেটিং বদল করতে পারবেন