• অস্ট্রেলিয়া দিবসের লজ্জাঃ পুলিস-আদিবাসী সংঘর্ষে জুতো খোয়ালেন প্রধানমন্ত্রী
    australia_day_protest_clash.jpg

    ইউকেবেঙ্গলি - ২৬ জানুয়ারী ২০১২, বৃহস্পতিবারঃ  অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় আজ আদিবাসীদের সাথে পুলিসের সংঘর্ষের মধ্য দিয়ে উদ্‌যাপিত হয়েছে অস্ট্রেলিয়া দিবস।  সংঘর্ষ-কালে প্রধানমন্ত্রী ও বিরোধী-দলের নেতাএকটি রেস্টুরেন্টে আটকা পড়েন। সিডনী মর্নিং হেরাল্ড পত্রিকা এ-ঘটনাকে অস্ট্রেলিয়া দিবসের লজ্জা বলে চিহ্নিত করেছে। বর্তমানে প্রতিষ্ঠিত মূলধারার কাছে যা 'অস্ট্রেলিয়া দিবস', দেশটির  আদিবাসীরা সেই দিবস - ছাব্বিশে জানুয়ারীকে  'বহিরাক্রমণ দিবস' নামে উল্লেখ করে থাকেন।

    ৪০ বছর আগে স্থাপিত 'আদিবাসী তাঁবু দূতাবাস' এখন সরিয়ে ফেলা উচিত বলে বিরোধী নেতার আজ সকালের করা এক মন্তব্যের সূত্র ধরে আদিবাসী অস্ট্রেলীয়ারা বিক্ষোভ প্রদর্শন করতে শুরু করে। পুলিস এতে নিয়ন্ত্রণ গ্রহণ করতে চেষ্টা করলে সংঘর্ষ বেঁধে যায় বলে জানিয়েছে স্থানীয় সংবাদ-মাধ্যমগুলো। জানা গেছে, ক্ষিপ্ত আদিবাসী নেতারা 'আরও বিক্ষোভের প্রতিশ্রুতি' দিয়েছেন। উল্লেখ্য, 'আদিবাসী তাঁবু দূতাবাস' অস্ট্রেলিয়ার আদিবাসীদের অষ্ট্রেলিয়ার ভূমি ও প্রকৃতির উপর আইনী, রাজনৈতিক ও সাংস্কৃতিক অধিকার আদায়ের একটি আন্দোলন। ক্যানবেরায় অবস্থিত পুরনো পার্লামেন্ট ভবনের সামনে মাত্র চারজন আদিবাসী ১৯৭২ সালে তাবু গেঁড়ে বিক্ষোভ প্রকাশের মধ্য দিয়ে শুরু করেন এ-আন্দোলন, যা দীর্ঘ চার দশক ব্যাপী অব্যাহত রয়েছে।

    আজ যখন প্রধানমন্ত্রী জুলিয়া জিলার্ড ও বিরোধী-দলের নেতা টনি এ্যাবোট পার্লামেন্ট-সংলগ্ন লবি রেস্টুরেন্টে 'ন্যাশনাল ইমারজেন্সি মেডাল' পুরষ্কার বিতরণ করছিলেন, তখন বিক্ষোভকারীরা রেস্টুরেন্ট-ভবনটি ঘিরে রাখে। পরে পুলিসের সাথে সংঘর্ষের মাঝে প্রধানমন্ত্রী ও বিরোধী-নেতাকে পুলিস উদ্ধার করে নিয়ে যাবার সময় প্রধানমন্ত্রীর একপাটি জুতো খসে যায়। বিক্ষোভকারীরা সে-জুতোটি দেখিয়ে প্রধানমন্ত্রীকে তা আদিবাসীদের কাছে এসে ফিরিয়ে নিয়ে যেতে নিমন্ত্রণ করেন। শেতাঙ্গ-জনগোষ্ঠীর দিকে ইঙ্গিত করে তাঁরা উল্লেখ করেন, 'আমরা চোরের জাতি নই'।

আপনার মন্তব্য

এই ঘরে যা লিখবেন তা গোপন রাখা হবে।
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd>
  • Lines and paragraphs break automatically.

লেখা ফরম্যাট করার বিষয়ে আরো তথ্য

আপনি নিবন্ধিত সদস্য হলে আপনার ব্যবহারকারী পাতায় গিয়ে এই সেটিং বদল করতে পারবেন