সংবাদ পরিক্রমা
সংবাদ প্রতিবেদন
- আমার জন্য পড়বেন না, আর একটি শব্দও নয়ঃ আন্তর্জাতিক যুদ্ধাপরাধ আদালতকে ম্লাদিচ

ইউকেবেঙ্গলি, ৪ জুলাই ২০১১, সোমবারঃ দ্য হেইগের প্রতিষ্ঠিত জাতিসংঘের যুদ্ধাপরাধ আদালতে বসনিয়ায় গণহত্যার অভিযুক্ত জেনারেল রাতকো ম্লাদিচকে আজ সোমবার পুনরায় হাজির করার পর অসহযোগিতা ও শাব্দিক প্রতিবন্ধকতা তৈরীর পরিণতিতে বিচারায়তন থেকে অবসারিত হন।
সোমবারের অধিবেশনের শুরুতে ম্লাদিচ অসহযোগিতা ও অভিযোগ করতে থাকেন। প্রথমেই তিনি তার মাথার টুপি নিজে থেকে খোলেননি এবং তার বার্ধক্যের কারণে মাথায় ঠাণ্ডা লাগে বলে অভিযোগ করেন।
ম্লাদিচ তার পক্ষে আদালতের নিয়োগ করা আইনজীবী নিতে অস্বীকার করেন এবং তার নিজের মনোনীত সার্ব ও রাশান আইনজীবী নিয়োগ করার দাবী করেন।
বিচারকমণ্ডলীর সভাপতি অ্যালফন্স ওরীকে বন্দী ম্লাদিচ বলেন, ‘আপনি আমার উপর অসম্ভব শর্ত আরোপ করছেন - একজন আইনজীবী যাকে আমি চাই না’।
বিচারপতি ওরী ম্লাদিচ অভিযোগ শোনার জন্য তৈরী কি-না জিজ্ঞেস করলে, উত্তরে ম্লাদিচ বলেন, ‘আপনি যা চান, তাই করতে পারেন।’
বিচারক ম্লাদিচের বিরুদ্ধে অভিযোগ পাঠ করতে শুরু করলে ম্লাদিচ অসহিষ্ণু হয়ে ওঠে বলেন, ‘না, না, না! আমার জন্য পড়বেন না, আর একটি শব্দও নয়।’
আদলতের প্রতি তার অসহযোগিতা দেখিয়ে ম্লাদিচ তার কান থেকে বিচারকের অনূদিত কথা শোনার জন্য দেয়া শ্রুবণ-যন্ত্র সরিয়ে ফেলেন।
এ-পরিস্থিতিতে, বিচারপতি নিরাপত্তা রক্ষীদেরকে আদালত থেকে ম্লাদিচকে অপসারণের নির্দেশ দিলে তাকে অবসরন করা হয়।
সোমবারের আদালত অধিবেশনের বাকীটুকু ম্লাদিচের অনুপস্থিতিতেই সম্পন্ন হয়। বিচার ম্লাদিচের বিরুদ্ধে আনীত অভিযোগগুলো পাঠ করেন। ৬৯ বছর বয়সী ম্লাদিচের বিরুদ্ধে মোট ১১টি অভিযোগ পাঠ করেন বিচারপতি।
অভিযোগ পাঠ-শেষে ম্লাদিচের অপরাধ স্বীকার ও নির্দোষ দাবী করার সুযোগ ছিলো। কিন্তু তিনি অনুপস্থিত বলে বিচারক নিয়মানুসার ম্লাদিচকে স্বয়ংক্রিয় ভাবে ম্লাদিচের পক্ষ থেকে ‘নির্দোষ’ দাবীদার বলেই নথিভুক্ত করেছেন।