সংবাদ পরিক্রমা
সংবাদ প্রতিবেদন
- ইরাক থেকে সকল ইউএস কমব্যাট ব্রিগেইড বিদায় নিয়েছে
সামরিক অভিযান শুরুর সাত বছরের মাথায় ইরাক থেকে মার্কিন কমব্যাট ব্রিগেইডের সর্বশেষ সেনা-দলটি বিদায় নিয়েছে বৃহস্পতিবার। উল্লেখ্য, ২০০৩ সালের মার্চে শুরু হওয়া এই অভিযানে চার হাজারের বেশি মার্কিন সেনার প্রানহানী হয়েছে।
খবরে প্রকাশ, বৃহস্পতিবার সকালে মার্কিনীদের সর্বশেষ কমব্যাট ব্রিগেইডটি ইরাকের ভূমি ছেড়ে কুয়েত চলে যায়। উল্লেখ্য, প্রেসিডেন্ট বারাক ওবামার নির্বাচনী অঙ্গীকার মোতাবেক অপারেশন ইরাকী ফ্রিডমের সমাপ্তি ঘটানো হলো। ৩১ আগস্টের মধ্যে মার্কিন কমব্যাট ব্রিগেইড প্রত্যাহার সমাপ্ত করার ঘোষণা দেয়া হয়েছিলো। জানা গেছে, প্রত্যাহারের অংশ হিসাবে সপ্তাহখানেক ধরে সেকেন্ড ইনফ্যান্ট্রি ডিভিশনের ফোর্থ স্ট্রাইকার ব্রিগেইডের সেনারা বাগদাদের উপকন্ঠের ক্যাম্প ভিক্টৌরি থেকে শত-শত সাঁজোয়া-যান কুয়েতের ক্যাম্প ভার্জিনিয়াতে সরিয়ে নেয়।
ইরাকের মার্কিন বাহিনীর পক্ষে লেফটেন্যান্ট কর্নেল এরিক ব্লুম জানান আগামী কয়েক দিনের মধ্যে এখন পর্যন্ত সরিয়ে নেয়ার বাকী থাকা সাজ-সরঞ্জামাদি ইরাকের বাইরে নিয়ে যাওয়া হবে। বৃহস্পতিবারের কমব্যাট ব্রিগেইড প্রত্যাহার সম্পন্ন হওয়ার পর ইরাকে আরো ৫০ হাজার মার্কিন সেনা অবস্থান করবে। এসব সেনারা ইরাকী বাহিনীকে প্রশিক্ষনের দায়িত্বে নিয়োজিত থাকবেন। ২০১১ সালের শেষ পর্যন্ত এই দায়িত্ব পালন অব্যাহত থাকবে। কমব্যাট ব্রিগেইট প্রত্যাহার সম্পন্ন হবার ঘটনাকে ‘ঐতিহাসিক’ এক ঘটনা হিসাবে দাবী করেছেন ইউএস স্টেইট ডিপার্টমেন্টের মুখপাত্র ফিলিপ ক্রলি।
১৯/০৮/১০