সংবাদ পরিক্রমা
সংবাদ প্রতিবেদন
- ইরানের তেল আমদানির উপর নিষেধাজ্ঞাঃ ইউরোপীয়ান ইউনিয়নে সিদ্ধান্ত গৃহীত

ইউকেবেঙ্গলি - ২৩ জানুয়ারী ২০১২, সোমবারঃ ইউরোপীয়ান ইউনিয়নের বিদেশমন্ত্রীগণ আজ ব্রাসেলসে অনুষ্ঠিত তাঁদের বৈঠকে সদস্যদেশগুলোর জন্য ইরান থেকে তেল আমদানির উপর নিষেধাজ্ঞার সিদ্ধান্ত গ্রহণ করেছে।
ইউরোপীয়ান ইউনিয়নের আরোপিত নিষেধাজ্ঞা অনুসারে, ইরান থেকে অপরিশোধিত তেল, পেট্রৌলিয়াম কিংবা পেট্রৌলিয়াম-জাত পণ্য আমাদানি করার নতুন কোনো চুক্তি করা যাবে না এবং পূর্বের চুক্তির তেলের আমদানি এ-বছরের জুলাই মাসের মধ্যে সমাপ্ত করতে হবে। এছাড়াও ইউরোপীয়ান ইউনিয়নে ইরানের সম্পদ হিমায়িত রাখা হবে।
ইরান একে ‘কু-উপদিষ্ট সিদ্ধান্ত’ আখ্যা দিয়ে এর পরিণতির জন্য ইউরোপীয়ান ইউনিয়ন দায়ী থাকবে বলে প্রতিক্রিয়া ব্যক্ত করে হরমুজ প্রণালী 'নিশ্চিত' বন্ধ করা হবে জানিয়েছে।
উল্লেখ্য, ইরানের উত্তোলিত অশোধিত তেলের ২০ শতাংশ আমদানি করে ইউরোপীয়ান ইউনিয়ন। বিশ্লেষকদের মতে, তেল আমদানিতে নিষেধাজ্ঞার ফলে ইরান না যতো ক্ষতিগ্রস্ত হবে, তার চেয়ে বেশি হবে ইউরোপীয়ান ইউনিয়নের অর্থনৈতিক সঙ্কটগ্রস্ত দেশগুলো।
ইরানী তেলের যে-কৌটা ইউরোপীয়ান ইউনিয়নের জন্য বরাদ্দ, তা চীন নিতে পারে বলে জানা গিয়েছে। এছাড়াও, ভারতকে ইরান তার তেলের মূল্য মার্কিন ডলারের পরিবর্তে জাপানী ইয়েনে পরিশোধ করার অনুরোধ করেছে, যদিও ভারত প্রথমে রুপীতে করার প্রস্তাব করেছিলো।
বিশেষজ্ঞ-বিশ্লেষণ উদ্ধৃত করে রুশ সংবাদ-মাধ্যম আরটি জানায়, ইউরোপীয়ান নিষেধাজ্ঞায় ইরান যতোই কোণঠাসা হবে, সে ততোই সরাসরি রফতানির বিকল্প পথের অনুসন্ধান করবে, এর ফলে এটি তার জন্য শাপে বর হতে পারে।