সংবাদ পরিক্রমা
সংবাদ প্রতিবেদন
- ইয়নপিয়ং দ্বীপের কাছে গোলা-বিনিময়ঃ দু-কোরিয়ার মধ্যে উত্তেজনা

ইউকেবেঙ্গলি, ১০ অগাস্ট ২০১১, বুধবারঃ ১৯৫০ সাল থেকে কৌশলিকভাবে যুদ্ধরত দু-কোরিয়ার মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে পীত সাগরের অবস্থিত দক্ষিণ-নিয়ন্ত্রণাধীন ইয়নপিয়ং দ্বীপের কাছে আজ বুধবার গোলা-বিনিময়ের মধ্য দিয়ে।
প্রায় দু-মাস আগে আপোস আলোচনা পুনরুজ্জীবিত করতে সম্মত হবার পর বুধবার দু-কোরিয়ার নৌবাহিনীর মধ্যে গোলা-বিনিময় হয়। এ-ঘটনা দেশ-দুটোর মধ্যকার সম্পর্ককে পুনরায় যুদ্ধাংদেহী করে তুলেছে।
উল্লেখ্য, গত বছর নভেম্বর মাসে এই ইয়নপিয়ং দ্বীপেই উত্তরের নিক্ষিপ্ত গোলায় দক্ষিণের চার নাগরিকের মৃত্যুর পরিণামে দু-কোরিয়ার সম্পর্ক উত্তপ্ত হয়ে ওঠে, যাকে ১৯৫০-৫৩ সালে সংঘটিত কোরিয়া-যুদ্ধের পর সর্বাধিক নাজুক বলে মনে করা হয়।
উল্লেখ্য, সে-সময় ইয়নপিংয়ের কাছে দক্ষিণ কোরিয়ার সামরিক অনুশীলনের ঘটনাকে উস্কানী হিসেবে বিবেচনা করে পাল্টা উত্তর হিসেবে সমাজতান্ত্রিক উত্তর কোরিয়া দক্ষিণের এ-দ্বীপটিতে আঘাত হানে।
বুধবারের দু-পক্ষের মধ্যে গোলা-বিনিময়ের সূচনা হিসেবে দক্ষিণ-সমর্থক পশ্চিমা সংবাদ-মাধ্যমগুলো উত্তর কোরিয়াকে দায়ী করেছে।
কয়েক মাস আগে পীত সাগরে মার্কিন-সমর্থিত দক্ষিণ কোরিয়ার ‘চিয়েনান’ নামের একটি যুদ্ধজাহাজ ডুবে যাবার পিছনে উত্তর কোরিয়ার হাত আছে বলেও মনে করা হয়।
উল্লেখ্য, দূরপ্রাচ্যের দেশ সমূহের মধ্যে সামুদ্রিক সামরিক শক্তি বৃদ্ধির বিষয়টি আন্তর্জাতিক রাজনীতি ও যুদ্ধবিদদের মনোযোগ আকর্ষণ করছে।