সংবাদ পরিক্রমা
সংবাদ প্রতিবেদন
- ঔসবর্নের দাবীঃ ‘আমাদের ঘাটতি-হ্রাসের পরিকল্পনা সঠিক প্রমাণিত’

ইউকেবেঙ্গলি, ১১ অগাস্ট ২০১১, বৃহস্পতিবারঃ চার-দিন ধরে চলা দাঙ্গা-আগুন-লুট-খুন ‘ইংলিশ রায়টস’-এর জন্য যখন দেশে-বিদেশে শিক্ষার্থী থেকে অধ্যাপক পর্যন্ত কনসার্ভেটিভ-লিবডেমের জোট সরকারের ‘কাট’কে দায়ী করছেন, তখন চ্যান্সেলার অফ এক্সচেকার জর্জ ঔসবর্ন, বৃহস্পতিবার পার্লামেন্টের হাউস অফ কমন্সে দাবী করে বলেছেন যে, বিশ্বের ঘটমান ঘটনা তাঁর বাজেট ঘাটতি পূরণের নীতির সঠিকতা প্রামাণ করছে।
অর্থনৈতিক বিশ্ববাজারে গোলমেলে পরিস্থিতির নিরিখে আমেরিকা থেকে ছুটি কাটানো সংক্ষিপ্ত করে লন্ডনে ফিরে আসা চ্যান্সেলর ঔসবর্ন ব্রিটেনকে ‘বৈশ্বিক ঋণ তুফানের মধ্যে নিরাপদ আশ্রয়’ বলে দাবী করেন।
কিন্তু তিনি গতকাল ব্যাংক অফ ইংল্যান্ডের গভর্নর স্যার মার্ভিন কিংয়ের কথার প্রতিধ্বনি করে স্বীকার করেন, ‘আমাদের প্রধান রফতানি বাজারগুলোতে ও বিশ্বজুড়ে অস্থিতিশীলতার অর্থ হচ্ছে, অন্য অনেক দেশের মতোই এ-বছরের জন্য প্রত্যাশিত প্রবৃদ্ধির পতন ঘটেছে।’
ঔসবর্ন বলেন, ‘সমগ্র বিশ্ব এখন উপলব্ধি করতে পারছে যে, মাথার উপর বিশাল ঋণ মানে হচ্ছে (অর্থনীতির) পুনরুদ্ধার প্রত্যাশিত সময়ের চেয়ে দীর্ঘতর সময় নিবে।’ তিনি বলেন, ‘২০০৮ সালের পর থেকে বিশ্ব অর্থনীতির জন্য এটি হচ্ছে সর্বাপেক্ষা বিপজ্জনক সময় এবং এ-বিষয়টি আমাদের স্পষ্ট করে বুঝতে হবে।’
চ্যান্সেলার পার্লামেন্টে বলেন, ‘আমি বিশ্বাস করি যে, বিশ্বব্যাপী ঘটনাগুলো এই জোট সরকারের সিদ্ধান্তসমূহকে পরিপূর্ণভাবে সঠিক প্রমাণ করছে।’ তিনি বলেন, ‘আমাদের প্রতিশ্রুতি অনড় এবং আমরা ব্রিটেইনকে অর্থনৈতিক ঘূর্ণাবর্তের মধ্যে ছেড়ে দেবো না।’
এদিকে, বিরোধী দলীয় লেবার পার্টির শ্যাডৌ চ্যান্সেলার এড বল্স জর্জ ঔসবর্নকে অর্থনৈতিক দূর্বলতা সম্পর্কে ‘গভীর আত্মপ্রসাদ অথবা গভীর অস্বীকৃতি’ প্রদর্শন করছেন বলে অভিযোগ করেন। তিনি নৌবেল বিজয়ী পল ক্রুগম্যানের মূল্যায়ণ উদ্বৃত করে বলেন, ‘দুয়ারে দাঁড়িয়েছে নেকড়ে কিন্তু ঔসবর্ন ভাবছেন এসেছে বুঝি আস্থা-পরী।’
আপনার মন্তব্য
সম্পর্কিত অন্যান্য
- প্রবৃদ্ধি-পূর্বোক্তিতে ব্যাংক অফ ইংল্যান্ডের পিছপাঃ সামনে ঝড় প্রবলতর
- মার্কিন ফেডারেল রিজার্ভের ঘোষণাঃ আগামী দু-বছর সুদের হার বাড়বে না
- মার্কিন ফেডারেল রিজার্ভের ঘোষণাঃ আগামী দু-বছর সুদের হার বাড়বে না
- প্রেসিডেন্টের হুঁশিয়ারিঃ ফেডারেল ঋণ-সীমা না বাড়ালে যুক্তরাষ্ট্র মন্দতর মন্দায় পড়বে
- বাংলাদেশে অবৈধ টাকা বৈধকরণঃ প্রধানমন্ত্রী অনুরোধ করলেন অর্থমন্ত্রীকে