সংবাদ পরিক্রমা
সংবাদ প্রতিবেদন
- চিলিতে সামরিক-সদস্যদের মুক্তি দেয়ার আহবান চার্চের
জেনারেল অগাস্তো পিনোশের আমলে নিরীহ জনতার উপর রক্তাক্ত আক্রমন পরিচালনাকারী কারাবন্দী সামরিক অফিসারদের মুক্তি দেয়ার জন্য সরকারের প্রতি আহবান জানিয়েছে চিলির ক্যাথলিক চার্চ। তাদের যুক্তি হচ্ছে পিনোশের আমলে যেসব অপরাধ সংঘটিত হয়েছে তার জন্য সব সামরিক অফিসারের সমানভাবে দায়ী করা যাবে না। মিলিটারী্র সমর্থনে চার্চের এহেন আহবানে সামরিক আমলে প্রান হারানো ও নিঁখোজ হয়ে যাওয়া লোকজনের স্বজনদের মধ্যে কড়া প্রতিক্রিয়ার খবর পাওয়া গেছে।
স্মরণ করা যেতে পারে, ১৯৭৩ সালের সেপ্টেম্বরে মাসে নির্বাচিত প্রেসিডেন্ট সালভাদর আলেন্দেকে হঠিয়ে দিয়ে ক্ষমতা দখল করে নেন পিনোশে, যা ১৯৯০ সাল পর্যন্ত স্থায়ী হয়। পিনোশের শাসনামলে খুন, গুপ্তহত্যা ও সহিংস হামলার পরিনতিতে হাজার-হাজার মানুষ প্রান হারান। সামরিক বাহিনী এতে সক্রিয় ভূমিকা পালন করে। বুধবার চার্চ যে আহবান জানিয়েছে তা বাস্তবায়িত করা হলে পিনোশ আমলের অপকর্মের দায়ে কারাগারে থাকা সামরিক অফিসাররা গনহারে ছাড়া পেয়ে যাবেন বলে আশঙ্কা করা হচ্ছে। উল্লেখ্য, চিলির স্বাধীনতার দুইশ বছর পূর্তি উপলক্ষ্যে সামরিক অফিসারদেরকে ক্ষমা করে দেয়ার আহবান জানিয়েছে চার্চ। যেসব অপরাধ পিনোশের আমলে সংঘটিত হয়েছিলো সেগুলোর জন্য সকলেই যে সমানভাবে দায়ী নয় তা ভুলে যাওয়াটা ঠিক হবে না বলেও দাবী করেছে চিলির বিশপস’ কনফারেন্স। প্রেসিডেন্ট সেবাস্তিয়ান পিনেরার বরাবরে অপরাধী সামরিক অফিসারদের মুক্তির দাবীতে উপস্থাপিত প্রস্তাবনাতে এই দাবী করা হয়েছে। চার্চ কর্তৃপক্ষের দাবী-মতে, সামরিক অফিসাররা সামরিক আমলে যেসব ক্ষেত্রে মানবিক আচরণ প্রদর্শন করেছিলেন এবং পরবর্তীতে অপরাধমূলক কর্মকান্ডের জড়িত থাকার জন্য যে-ধরণের অনুশোচনা দেখিয়েছেন সেগুলোকেও বিবেচনায় নেয়া সঙ্গত।
এদিকে, সামরিক বাহিনীর সমর্থনে চার্চের এহেন সমর্থনে কড়া প্রতিক্রিয়া তৈরী হয়েছে জেনারেল পিনোশের আমলে প্রান হারানো ও নিঁখোজ হয়ে যাওয়া লোকজনের বন্ধু-বান্ধব ও আত্মীয়-স্বজনদের মধ্যে। সরকারী হিসাবে পিনোশের আমলে তিন হাজারের অধিক রাজনৈতিক প্রতিপক্ষকে হত্যা করা হয়; এছাড়াও গুম করা হয় বারোশো মানুষকে যাদেরকে আর কখনোই খুঁজে পাওয়া যায়নি। তবে বেসরকারী সূত্রগুলো সামরিক আমলে খুন-গুমের সংখ্যা আরো অনেক বেশি বলে মনে করে। খবরে প্রকাশ, চার্চের উদ্যোগের প্রতিবাদ জানাতে চিলির রাজধানী সান্তিয়াগোতে প্রেসিডেন্ট ভবনের সামনে শত-শত মানুষ জড়ো হন বুধবার। এদের মধ্যে অনেকেই নিহত ও নিখোঁজ হয়ে যাওয়া মানুষ-জনের বড়-বড় ফটোসহ প্রতিবাদ জানাতে হাজির হন।
চার্চের তৎপরতার সমালোচনা করে পিনোশে আমলে নিঁখোজ হয়ে যাওয়া রাজনৈতিক কারাবন্দীদের স্বজনদের সংগঠন দ্য রিলেটিভস অফ দ্য মিসিং ডিটেইনিস এসৌশিয়েসনের (এমডিএ) প্রধান লরেনা পিজারো বলেন, “আমরা জেনেছি যে মনসিগনর [আলেজান্দ্রো] গোইক বলেছেন যে তার প্রস্তাবনাতে কোন ব্যক্তিই বাদ থাকবেন না। এর মানে হচ্ছে এতে মানবাধিকার লঙ্ঘনকারীদেরও অন্তর্ভূক্ত করা হয়েছে যা গ্রহনযোগ্য নয়।” গোইক হচ্ছেন চিলির ক্যাথলিক বিশপদের অ্যাসেম্বলী এপিসকোপাল কনফারেন্সের প্রধান। এমডিএ মনে করছে সাজা-ভোগী সামরিক সদস্যদের মুক্ত করে দেয়ার আহবান জানিয়ে চার্চ মূলত সামরিক আমলে নির্যাতনের শিকার ব্যক্তিদের প্রতি নেতিবাচক মনোভাব প্রদর্শন করছে। এ-প্রসঙ্গে পিজারো বলেন, “এখনো অনেক বৃদ্ধ নারী আছেন যারা তাদের প্রিয়জনের জীবনে কি ঘটেছিলো তা জানার অপেক্ষাতে আছেন।”
উল্লেখ্য, সামরিক আমলে মানবতার বিরুদ্ধে অপরাধ সংঘটনের দায়ে ৬০০ সামরিক কর্মকর্তাকে অভিযুক্ত করা হলেও বর্তমানে মাত্র দেড়শর মত কর্মকর্তা কারাগারে আছেন।
২২/০৭/১০