সংবাদ পরিক্রমা
সংবাদ প্রতিবেদন
- জাতিসংঘের সাধারণ পরিষদে সিরিয়ার প্রেসিডেন্ট আসাদের বিরুদ্ধে আরব-প্রস্তাব পাস

ইউকেবেঙ্গলি - ১৬ ফেব্রুয়ারী ২০১২, বৃহস্পতিবারঃ আজ জাতিসংঘের সাধারণ পরিষদে সিরিয়ার চলমান সহিংসতা বিষয়ে সৌদি আরব ও কাতারের আনীত প্রস্তাব - যেখানে দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদকে ক্ষমতা ছাড়ার দাবি করা হয়েছে - তা সংখ্যাগরিষ্ঠ ভৌটে গৃহীত হয়েছে।
আজকের সাধারণ পরিষদে উপস্থাপিত সৌদি-কাতার প্রস্তাবটি বিষয়বস্তুর দিক থেকে গত নিরাপত্তা পরিষদের বৈঠকে মরক্কো আনীত চীন ও রাশিয়ার ভিটোতে বাতিল হয়ে যাওয়া প্রস্তাবের মতোই - উভয়টিতে প্রেসিডেন্ট আসাদকে ক্ষমতা ছেড়ে দেবার আরব লীগের আদি প্রস্তাব অক্ষুণ্ণ রয়েছে।
রাশিয়া ফেডারেশন আজকের গৃহীত প্রস্তাবটিতে প্রেসিডেন্ট আসাদের ক্ষমতা ত্যাগের বিষয়টি গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নয় বলে মন্তব্য করেছে। চীন প্রস্তাবটিকে সিরিয়ার অভ্যন্তরীণ বিষয়ে বাইরের হস্তক্ষেপ বলে অভিহিত করে এই প্রস্তাবকে সমস্যা সমাধানে অসমর্থ বলে মত প্রকাশ করেছে।
জাতিসংঘে সিরিয়ার দূত বাশার জাফারি বলেন, 'প্রস্তাবকারী দেশগুলো প্রকৃত অর্থে সিরিয়াতে সমস্যা সমাধানের লক্ষ্যে কোনো সংলাপ চায় না'। তিনি বলেন, সিরিয়াকে ‘টার্গেট’ করার বাইরে এ-রকম প্রস্তাবের অন্য কোনো কারণ নেই'।
আজের প্রস্তাবে ১৩৭টি দেশ পক্ষে, রাশিয়া ও চীন-সহ ১২টি দেশ বিপক্ষে এবং ১৭টি ভৌটদানে বিরত থাকে।
উল্লেখ্য, রাশিয়া ও চীন প্রস্তাবের বিরুদ্ধে ভৌট দিলেও নিয়মানুসারে তারা ভিটো দিতে পারে না। কারণ, সাধারণ পরিষদে প্রতিটি সদস্য দেশেরই এক ভৌট এবং সেখানে ভিটো দেবার কোনো বিধান নেই। তবে, সাধারণ পরিষদে গৃহীত প্রস্তাবের কোনো আইনগত বাধ্যতাও নেই।
বিশ্লেষকদের ধারণা, জাতিসংঘের সাধারণ পরিষদে আজকের গৃহীত প্রস্তাব প্রেসিডেন্ট আসাদের জন্য বড়ো ধরণের একটি কূটনৈতিক আঘাত।