সংবাদ পরিক্রমা
সংবাদ প্রতিবেদন
- ঢাকায় পুলিসের সামনে দুই সাংবাদিক পিটিয়ে আহত করলো ছাত্রলীগ নেতারা
সাপ্তাহিক পত্রিকার সাংবাদিক আনিস রায়হান ও সাপ্তাহিক বুধবারের আহম্মেদ ফয়েজকে পিটিয়ে আহত করলো ছাত্র লীগ কর্মীরা । রোববার রাত সোয়া ৮টার দিকে পাবলিক লাইব্রেরির সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এসএম হলের ছাত্রলীগ সভাপতি সাজিদ জাহান সৈকতের নেতৃত্বে এ হামলা চালানো হয়।
হামলার সময় শাহবাগ থানার পুলিস উপস্থিত থাকলেও তারা ওই দুই সাংবাদিককে বাঁচানোর কোনো চেষ্টা করেনি বলে অভিযোগ উঠেছে। আহত দুই সাংবাদিকের দাবী, হামলাকারীদের না ধরে পুলিস তাদের দৌড়ে চলে যেতে বলে। আহত সাংবাদিকদের প্রথমে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে আহম্মেদ ফয়েজ ঢাকা কমিউনিটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

ছাত্রলীগের হামলায় আহত সাংবাদিকহামলার ব্যাপারে জানতে চেয়ে সোমবার সাপ্তাহিক পত্রিকার সাংবাদিক আনিস রায়হানের সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, রবিবার রাত পৌনে ৮টার দিকে সাপ্তাহিক বুধবার এর প্রতিবেদক ফায়েজকে নিয়ে আমি শাহাবাগ পাবলিক লাইব্রেরীর সামনে রাস্তা পার হচ্ছিলাম। তখন একটি মোটরসাইকেল এসে আমাদের পেছনে জোরে হর্ন দিতে-দিতে প্রায় আমাদের গায়ের উপর উঠিয়ে দেয়। মটরসাইকেল আরোহী সাজিদ জাহান সৈকত আমাকে রেগে জিজ্ঞেস করেন, রাস্তা পার হতে দেরি হলো কেন। আমি এর প্রতিবাদ করতেই সৈকত ক্ষিপ্ত হয়ে আমাদের পরিচয় জানতে চান। পরিচয় দিলে সৈকত উত্তেজিত হয়ে বলেন, আমি তো তোদেরকেই খুঁজছি। এর মধ্যেই কয়েকজন মিলে আমাদের মারতে শুরু করে। এদের মধ্যে একজন ফৌনে তাদের সহযোগীদের আসতে বলেন।
ওই সময় পুলিশ বিষয়টি দেখলেও কোনো পদক্ষেপ নেয়নি। কিছু সময় পর সৈকতের ১৫-২০ জন সহযোগী এসে আমাদের বেধড়ক মারধর করেন। আমার মুখে এবং চোখে আঘাত লাগে। সাপ্তাহিক বুধবার এর আহত সাংবাদিক আহমেদ ফয়েজ জানান, “আমার মেরুদন্ডে বেশ আঘাত লাগে। আজ আবার হাসপাতালে ভর্তি হতে হচ্ছে।
ফয়েজ আরো বলেন, আমার কাছে পুরো ঘটনাটি পরিকল্পিত মনে হয়েছে, আমরা ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতির চাঁদাবাজী নিয়ে বেশ কয়েকটি রিপোর্ট করি। তাছাড়া সাম্প্রতিক সময়ে বিদ্যুত সংকটের সুযোগ নিয়ে তাদের এক নেতা জেনারেটর ব্যাবসার নামে বিভিন্ন এলাকার মানুষের কাছ থেকে চাঁদাবাজী করছে। এসব নিয়ে রিপোর্টের কারনে তারা আমাদের টার্গেট করেই আক্রমন করেছে বলে আমার মনে হয়।
ছাত্রলীগ নেতা-কর্মীদের হাতে দুই সাংবাদিক আহত হওয়ায় তীব্র নিন্দা জানিয়েছেন সাংবাদিক নেতৃবৃন্দ ও বিভিন্ন সংগঠন। উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের চাঁদাবাজি এবং টেন্ডারবাজি নিয়ে “সাপ্তাহিক” এবং “বুধবার” এ একাধিক সংবাদ প্রকাশিত হয়।
মোহাম্মদ আরিফুজ্জামান ও আশফাক চৌধুরী
০৬/০৮/১০