সংবাদ পরিক্রমা
সংবাদ প্রতিবেদন
- নাক-মুখ-কপাল ঢাকা পোশাক নিষিদ্ধ করবে না ব্রিটেইন
ফ্রান্সের অনুকরণে নাক-মুখ-কপাল ঢেকে রাখা পোশাক নিষিদ্ধ করার কোন উদ্যোগ নেবে না ব্রিটেইন। জনমতে জরীপে এ-ধরনের উদ্যোগের পক্ষে ব্যাপক সমর্থন থাকলেও, কর্তৃপক্ষ জানিয়েছে এ-ধরনের উদ্যোগ নেয়াটা “ব্রিটিশ-সুলভ” হবে না। উল্লেখ্য, গত সপ্তাহে ফ্রান্সের আইন-সভার নিম্ম-কক্ষ ন্যাশনাল এ্যাসেম্বলীতে পক্ষে ৩৩৬ ভোটের বিপরীতে এক ভোটে নিষিদ্ধকরণের পক্ষে প্রস্তাবটি গৃহীত হয়েছে।রোববার, সানডে টেলিগ্রাফ পত্রিকার সাথে আলাপকালে ব্রিটিশ ইমিগ্রেশন মিনিস্টার ড্যামিয়েন গ্রীন জানান মুসলিম নারীদেরকে মুখ ঢেকে রাখা পোশাক পরা থেকে বিরত রাখার কোন পরিকল্পনা সরকারের নেই। এ-ধরনের উদ্যোগ গ্রহন “অনাকাঙ্খিত” হবে বলে তিনি মত-প্রকাশ করেন। এছাড়া মন্ত্রী জানান এটা “পরমত-সহিষ্ণুতা ও পারষ্পরিক সম্মান-প্রদর্শন” ভিত্তিক ব্রিটিশ সমাজ-ব্যবস্থার সাথে সঙ্গতিপূর্ণ নয়। রোববার ড্যামিয়েন গ্রীন এ-প্রসঙ্গে আরো বলেন, “ফ্রান্সের রাজনীতিক সংস্কৃতি ভিন্ন। এটি অতিরিক্ত রকমের সেক্যুলার একটি রাষ্ট্র। তারা বোরকা নিষিদ্ধ করতে পারে, তারা স্কুলে ক্রুস বা এ-জাতীয় জিনিষ পরিধান নিষিদ্ধ করছে।”
উল্লেখ্য, আগামী সেপ্টেম্বরে ফ্রান্সের আইন-সভার উচ্চকক্ষ সেনিটে সমর্থন পেলে নাক-মুখ-চোখ ঢেকে রাখা পোশাক পরিধানকে শাস্তিযোগ্য অপরাধ হিসাবে গন্য করে আইন পাস হবে। প্রস্তাবিত আইনে এ-ধরনের পোশাক পরিধানকারী নারীকে দেড়শ ইউরো জরিমানার বিধান রাখা হয়েছে। যেসব পুরুষ নারীদেরকে মুখ ঢাকা পোশাক পরায় বাধ্য করবেন তাদের জন্য এক বছরের কারাদন্ড বা ২৫ হাজার ইউরো জরিমানার বিধান রাখা হয়েছে প্রস্তাবিত আইনে। আইনটি পাস হলে ইউরোপের মধ্যে ফ্রান্স হবে মুখ-ঢাকা পোশাক নিষিদ্ধকারী দ্বিতীয় দেশ। বেলজিয়ামে সর্বপ্রথম এ-ধরনের একটি আইন পাস হয়েছে গত ৩০ এপ্রিল। সমালোচকদের মধ্যে অনেক-অনেকে ডানপন্থী ফ্রান্স সরকারের ইসলাম-বিদ্বেষ হিসাবে চিহ্নিত করেছেন। এদিকে, ফ্রান্সের বামপন্থী ও গ্রীনরা সরকারী প্রতিষ্ঠানে মুখ-ঢাকা পোশাক নিষিদ্ধকরণের পক্ষে থাকলেও রাস্তা-ঘাটে বা উন্মুক্ত স্থানে এ-ধরনের পোশাকের বিরুদ্ধে সরকারী উদ্যোগের বিরোধীতা করছেন।
উল্লেখ্য, সরকারী পর্যায়ে ফ্রান্সের মত উদ্যোগ গ্রহনের সম্ভাবনা না থাকার কথা বলা হলেও, ব্রিটেইনে এর পক্ষে ব্যাপক জনমত লক্ষ্য করা যাচ্ছে। গত সপ্তাহে ইউগভ পরিচালিত এক জরীপে ৬৭% প্রাপ্ত-বয়ষ্ক ব্রিটিশ মুখ-ঢাকা পোশাক নিষিদ্ধকরণের পক্ষে মত দিয়েছেন। ফ্রান্সের আইন-সভার ভোটাভূটির কিছু আগে, চলতি মাসের আট তারিখে পিউ রিসার্চ সেন্টার কর্তৃক প্রকাশিত জরীপে এক্ষেত্রে ব্রিটেইনে ৬২% প্রাপ্ত-বয়ষ্কের সমর্থন দেখা গেছে। পিউ এর জরীপে মুখ-ঢাকা পোশাক নিষিদ্ধকরণের পক্ষে ফ্রান্স (৮২%), জার্মানী (৭১%), স্পেইন (৫৯) ব্যাপক সমর্থন দেখা গেছে। তবে যুক্তরাষ্ট্রে এ-সমর্থনের হার ২৮%।
১৮/০৭/১০