সংবাদ পরিক্রমা
সংবাদ প্রতিবেদন
- পরমানু যুদ্ধের আশঙ্কায় ফিদেল ক্যাস্ত্রৌ
ইরানের উপরে মার্কিন হামলা হলে পরমানু যুদ্ধ শুরু হয়ে যাবার আশঙ্কা ব্যক্ত করেছেন কিউবার বিপ্লবের নেতা ফিদেল ক্যাস্ত্রৌ (৮৩)। কয়েক বছরের ব্যবধানে প্রথমবারের মত দেয়া এক টেলিভীশন সাক্ষাতকারে এ-আশঙ্কা ব্যক্ত করেন ক্যাস্ত্রৌ। সোমবার রাতে কিউবার টেলিভীশনের মেসা রেদোন্দা (রাউন্ড টেবিল) নামের নিয়মিত টক শৌতে অংশ নিয়ে পরমানু যুদ্ধের আশঙ্কা থেকে শুরু করে সমসাময়িক আন্তর্জাতিক বিষয়াদি নিয়ে সোয়া এক ঘন্টা ব্যাপী সাক্ষাতকার পর্বে নিজস্ব মতামত ব্যক্ত করেন তিনি।
ক্যাস্ট্রৌ মনে করেন পরমানু অস্ত্র তৈরী ঠেকানোর নামে ইরানের উপরে মার্কিন হামলা হলে মধ্যপ্রাচ্যে পরমানু যুদ্ধ শুরু হয়ে যাবার সমূহ আশঙ্কা আছে। এক্ষেত্রে ইরানকে ইরাকের মত ভেবে নেয়াটা মার্কিনদের জন্য ভয়াবহ এক ভুল হবে বলে তিনি উল্লেখ করেন। এ-প্রসঙ্গে ক্যাস্ত্রৌ উল্লেখ করেন যে “জর্জ বুশের হামলার সময় ইরাক ছিলো একটি বিভক্ত দেশ; কিন্তু ইরান কোন বিভক্ত দেশ নয়।” ক্যাস্ত্রৌ বলেন, “ইরানীরা দৌড়ে এসে ইয়াংকীদের কাছে ক্ষমা প্রার্থনা করবে এমন হিসাবের ভিত্তিতে এটা [হামলা] করা হবে হাস্যকর।” তিনি মনে
করেন আক্রান্ত হলে ইরানের দিক থেকে যুক্তরাষ্ট্র ভয়াবহ প্রতিরোধের সম্মুখীন হবে, এবং পরমানু যুদ্ধের দিকে মোড় ঘুরে যাওয়া ছাড়া আর কোনভাবেই এ-দ্বন্দ্বের নিষ্পত্তি হবেনা। ক্যাস্ত্রৌ বলেন, “যুক্তরাষ্ট্র ইরানকে ধ্বংস করার উপায়গুলো সক্রিয় করে চলেছে।” তবে ইরান বছরের পর বছর ধরে নিজেদের প্রতিরক্ষা গড়ে তুলেছে বলে মন্তব্য করেন তিনি।ফিদেল ক্যাস্ত্রৌর ধারনা-মতে পরমানু সংঘাত শুরু হয়ে গেলে প্রথম বোমাটি ছুঁড়বে ইসরায়েল; তবে একই সাথে পাকিস্তান ও ভারতের পরমানু বোমার বোতামে চাপ পড়ারও সমূহ আশঙ্কা থাকবে। পরমানু অস্ত্র বিলোপ চুক্তিতে সাক্ষরে এই তিন দেশের অস্বীকৃতির ব্যাপারটিও এ-প্রসঙ্গে স্মরণ করিয়ে দেন তিনি। এছাড়াও ক্যাস্ত্রৌ বলেন, “যুক্তরাষ্ট্রের উপরে ইসরায়েলের নিয়ন্ত্রনের মাত্রাটি ব্যাপক মাত্রার।” ইরানের উপরে হামলার জন্য ইসরায়েল ও যুক্তরাষ্ট্র গাঁটছড়া বাঁধছে বলে অভিযোগ করেন ক্যাস্ত্রৌ।
সোমবারের টক শৌতে অংশগ্রহনকালে ক্যাস্ত্রৌ ১৯৬২ সালে কিউবাতে সোভিয়েত মিসাইল ঘাঁটি স্থাপনের বুঝাপড়াকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের সাথে সৃষ্ট সঙ্কটময় পরিস্থিতির কথা উল্লেখ করেন। তিনি বলেন, “আমরা [পরমানু যুদ্ধের] অভিজ্ঞতার কাছাকাছি চলে গিয়েছিলাম।” বর্তমানেও পরমানু যুদ্ধের আশঙ্কা অত্যন্ত উচ্চ বলে অভিমত প্রকাশ করেন ক্যাস্ত্রৌ। যুক্তরাষ্ট্র “আগুন নিয়ে খেলছে” বলেও সতর্কতা ব্যক্ত করে কিউবার বিপ্লবের নেতা। যুক্তরাষ্ট্রের অপরাপর অভিযোগগুলো উত্থাপনকালে ক্যাস্ত্রৌ জানান কয়েক মাস আগে দক্ষিন কোরিয়ার একটি জাহাজ ধব্বংসের ঘটনাতে যুক্তরাষ্ট্রের হাত আছে। তিনি মনে করেন উত্তর কোরিয়াকে বিপদে ফেলার জন্য ঘটনাটি ঘটানো হয়েছে।
বিভিন্ন সংবাদ-মাধ্যম সূত্রে প্রকাশ, দীর্ঘদিনের ব্যবধানে ক্যাস্ত্রৌকে টিভিতে দেখতে পেয়ে উল্লসিত হয়ে পড়েন কিউবাবাসী। পশ্চিম সংবাদ-মাধ্যমগুলোতে অবশ্য ক্যাস্ত্রৌকে সাক্ষাতকার দানকালে দুর্বল দেখাচ্ছিলো বলে মত প্রকাশ করা হয়েছে।
১৩/০৫/১০