সংবাদ পরিক্রমা
সংবাদ প্রতিবেদন
- বাংলাদেশ কালচারাল সোসাইটি মিডল্যান্ডসের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান
প্রবাসের শত ব্যস্ততার মাঝেও একটু ফুরসত করে আপন ভাষা ও সংস্কৃতিতে কিছু সময়ের জন্য হলেও অবগাহন করে বাঙালি মেতে উঠে আনন্দের বন্যায়। যুক্তরাজ্যের প্রবাসী জীবনে একখন্ড বাংলাদেশকে খোঁজার প্রয়াসে বাংলাদেশ কালচারাল সোসাইটি মিডল্যান্ডস সারা বছর ধরেই কোন না কোন আয়োজন করে থাকে সেই ১৯৮৪ সাল থেকে। গত শনিবার ৭ আগস্ট ২০১০ ছিল এমনি একটি দিন যেখানে বাংলাদেশ কালচারাল সোসাইটি মিডল্যান্ডস আয়োজন করে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানমালার। ঐদিন দুপুর ১২ টা থেকেই বার্মিংহামের বিয়া লাউঞ্জে সোসাইটির সদস্য, তাদের পরিবারবর্গ ও দর্শকরা জড়ো হতে থাকেন। শুরুতেই সোসাইটির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সৈয়দ মোস্তাফিজুর রহমানের আহবানে কোরআন থেকে তেলাওয়াত করেন নির্বাহী সদস্য ডক্টর বুলান্দ আখতার। অতপর স্বাগত বক্তব্য রাখেন সভাপতি মুক্তিযোদ্ধা এম এ হামিদ এবং প্রধান অতিথি হিসেবে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন বার্মিংহামে বাংলাদেশের নিযুক্ত সহকারী হাইকমিশনার জনাব ফয়সল আহমদ।
এরপরই শুরু হয় মূল অনুষ্ঠান। সোসাইটির সাংস্কৃতিক সম্পাদক অধ্যাপক সৈয়দ ইকবাল’এর পরিকল্পনা ও উপস্থাপনায় অনুষ্ঠিত হয় ‘ঐতিহ্য আমার অহঙ্কার’ শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠানমালা। সোসাইটি কর্তৃক প্রশিক্ষণপ্রাপ্ত ক্ষুদে শিল্পীদের সমবেত সঙ্গীত ‘আমাদের দেশটা স্বপ্নপূরী’ দিয়ে সূচনা ঘটে এ-পর্বের। ক্ষুদে শিল্পীরা ছিল নিঝুম, নির্ঝর, নিশিত, উসামা, আলভি, বুশরা, মুন, শিহাব, আমিরা ও আসিফ। পেশাদার শিল্পীদের মধ্য থেকে সঙ্গীত পরিবেশন করেন সঙ্গীতের শিক্ষক ইয়াসমীন ইসলাম, সৈয়দ জামিল ও মনোয়ার খান। তাছাড়া, ফয়সল আহমদ দম্পতির সঙ্গীত পরিবেশনা অনুষ্ঠানে নিয়ে আসে নুতন মাত্রা। অনুষ্ঠানের অপরাপর আকর্ষণ ছিল দর্শক পর্ব, পুঁথি পাঠ, মুখাভিনয় ও নাটক। সেক্রেটারী সৈয়দ মোস্তাফিজ, জয়েন সেক্রেটারী আরিফ আহমেদ ও ট্রেজারার মনসুর আলম এর পরিচালনায় দর্শক পর্বে ‘টাই বাধা’ প্রতিযোগিতায় অংশ নেন ৫জন ভদ্রমহিলা। কারো পূর্ব অভিজ্ঞতা না থাকলেও টাই বেঁধে তাদের জীবনসঙ্গীদের পরিয়ে দিয়ে ১ম, ২য় ও ৩য় হন যথাক্রমে মিসেস হারুনুর রশীদ, মিসেস সিদ্দিকী ও মিসেস ফয়সল আহমদ। যৌথভাবে ৪র্থ হন মিসেস ফরিদা বেগও মিসেস তারক রঞ্জন চন্দ।এরপর পুরুষদের জন্য আয়োজিত ‘সুঁই-সূতা দৌড়’ পর্বে অংশগ্রহণ করে ১ম ও ২য় হন যথাক্রমে সৈয়দ আশিক হায়দার ও কাজী নসিবুল ইসলাম। মালিক নাজিরুজ্জামান, এনামুল হক ও গ্লেন আর্মস্ট্রং তিনজনই ৩য় স্থান লাভ করেন। বাংলার প্রাচীন ঐতিহ্য ও সাহিত্য পুঁথি; এই পুঁথি পাঠ করেন আব্দুল আহাদ সুমন ও তার দল। উপভোগ্য মুখাভিনয় করেন মাহবুব চৌধুরী। অতঃপর মাহবুব চৌধুরীর রচনা ও নির্দেশনায়, আব্দুল আহাদ সুমনের পরিচালনায় এবং সন্ধানী আর্টস এন্ড কাল্চারাল গ্রুপ বার্মিংহামের প্রযোজনায় মঞ্চস্থ হয় নাটক ‘ডাক্তার সাহেব’। পরিশেষে প্রতিযোগী, শিশু শিল্পী ও সঙ্গীত শিক্ষক সকলের হাতে পুরস্কার তুলে দেন সভাপতি ও প্রধান অতিথি। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন পারভীন ইকবাল জেপি, এল নাহার আলম, সারমিন আখতার ও মোশাররফ হোসেন প্রমুখ। তৃপ্তিকর এক ভোজ-পর্বের মাধ্যমে অনুষ্ঠানের সফল সমাপ্তি ঘটে।
অনুষ্ঠান থেকে সোসাইটির পরবর্তী কার্যক্রম ‘ম্যাগাজিন’ প্রকাশ উপলক্ষে লেখা আহবান করা হয়। এ-বিষয়ে সৈয়দ মোস্তাফিজ (০৭৮ ৭৭৭ ৪২৪৬০) ও সৈয়দ ইকবাল (০৭৮৭ ২০০ ১৪৮৭) এর সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়।
বার্মিংহাম থেকে ইকবাল সৈয়দ
০৮/০৮/১০