সংবাদ পরিক্রমা
সংবাদ প্রতিবেদন
- বিজয় আসন্নঃ দাবী তালেবান নেতা মোল্লা ওমরের
আফগানিস্তানের যুদ্ধে তালেবানরা জয়ী হতে যাচ্ছে বলে দাবী করেছেন সংগঠনের নেতা মোল্লা ওমর। ন্যাটৌর নেতৃত্বে পরিচালিত বহুজাতিক বাহিনীর সামরিক অভিযানকে “পুরোপুরি এক ব্যর্থতা” বলেও চিহ্নিত করেছেন তিনি। রমজান মাসের সমাপ্তি উপলক্ষ্যে দেয়া এক বিবৃতিতে এসব দাবী করেছেন ওমর।
বিবৃতিতে তালেবানদের নেতা “নিঃশর্তভাবে ও যত দ্রুত সম্ভব” আফগানিস্তান থেকে মার্কিন সেনা সরিয়ে নেয়ার জন্য প্রেসিডেন্ট বারাক ওবামার প্রতি আহবান জানান। বিবৃতিতে ওমর বলেন, “আগ্রাসনকারী কাফেরদের বিরুদ্ধে আমাদের মুসলিম জাতির বিজয় আসন্ন।” তার মতে আল্লাহের সাহায্য ও নিজেদের মধ্যে ঐক্যের ব্যাপারে বিশ্বাস থাকাটাই এক্ষেত্রে নিয়ামক ভূমিকা পালন করছে। আগামী দিনগুলোতে “একটি ইসলামী, স্বাধীন, যথাযথ ও শক্তিশালী ব্যবস্থা” প্রতিষ্ঠার প্রয়াস গ্রহনের ব্যাপারেও আশাবাদ ব্যক্ত করেন এই মৌলবাদী। প্রদত্ত বিবৃতিতে তালেবানী অনুশাসন মেনে চলার জন্যও সাগরেদদের উদ্দেশ্যে নতুন করে নির্দেশ জারী করেছেন মোল্লা। উল্লেখ্য, গত কয়েক বছর ধরে ওমরকে প্রকাশ্য কোথাও দেখা না গেলেও তিনি পাকিস্তানে লুকিয়ে আছেন বলে মনে করা হয়।
তালেবান বিরোধী সামরিক অভিযানের অংশ ন্যাটৌ বাহিনীর দেড় লক্ষ সেনা এখন আফগানিস্তানে অবস্থান করছে। অবশ্য, সামনের বছরের জুলাই মাস নাগাদ দেশটি থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়ে রেখেছে ন্যাটৌ জোটের মূল শরীক যুক্তরাষ্ট্র।
০৯/০৯/১০