সংবাদ পরিক্রমা
সংবাদ প্রতিবেদন
- বিদেশী কর্মীর ক্ষেত্রে বার্ষিক সংখ্যা-নির্ধারণের বিরুদ্ধে ব্রিটেইনের বড়-বনিকরা
ইউরৌপীয়ান ইউনিয়নের বাইরে থেকে কর্মী আনার ক্ষেত্রে প্রধান বিরোধী দল কনজারভেটিভ পার্টির বার্ষিক সংখ্যা নির্ধারণ করে দেয়ার ঘোষণার বিরোধীতা করেছে ব্রিটেইনের বড়-বনিকরা। সামনের মাসের ছয় তারিখে অনুষ্ঠিতব্য পার্লামেন্ট নির্বাচনকে সামনে রেখে এ-ঘোষণা দিয়েছে জনমত জরীপে কিছুটা এগিয়ে থাকা প্রধান বিরোধী দল কনজারভেটিভ পার্টি। ব্রিটেইনের বড়-বনিকরা মনে করছেন ইইউ এর বাইরে থেকে স্টাফ আনার ক্ষেত্রে এ-ধরণের নিয়ম চালু করা হলে ভারত, চীন ও ব্রাজিলের মত শক্তিশালী হয়ে উঠতে থাকা বাজারগুলোর সাথে তাদের সম্পর্কের উপরে নেতিবাচক প্রভাব পড়বে।বিজনেস গ্রুপগুলোর প্রতিনিধিত্বকারী সংস্থাগুলোর অন্যতম লন্ডন ফার্স্ট এর প্রধান নির্বাহী ব্যারোনেস জো ভ্যালেন্টাইন মনে করেন ব্রিটেইন যখন লন্ডনকে পৃথিবীর মধ্যে ব্যবসা-বানিজ্যের সেরা স্থান হিসাবে তুলে ধরার চেষ্টা করছে ঠিক সে-সময়টিতে নির্বাচনকে সামনে রেখে টৌরীরা যে-পরিকল্পনাটি আনুষ্ঠানিকভাবে হাজির করেছে তার মতে ‘কোন যুক্তিশীলতা নেই’। তিনি আরো বলেন, দূর-প্রাচ্যের দেশগুলো এবং ব্রাজিল, রাশিয়া, ভারত ও চীনের মত অর্থনীতিগুলোর সাথে আমরা কি ধরনের সম্পর্ক গড়ে তুলি তার উপরেই লন্ডনের ভবিষ্যত চূড়ান্তভাবে নির্ভর করছে। ফাইন্যান্সিয়াল টাইমস পত্রিকার সাথে আলাপে চীন ও ভারতকে চটিয়ে তোলাটা কোনভাবেই বুদ্ধিমানের কাজ হবে না বলেও মন্তব্য করেন ভ্যালেন্টাইন।
আরেক প্রভাবশালী সংস্থা কেপিএমজি এর প্রধান ডেইভিড গার্নার মনে করে সরকার গঠন করতে পারলে টৌরীরা যদি তাদের ঘোষণা বাস্তবায়ন করতে চায় তবে তা বৈশ্বিক পর্যায়ে ব্রিটেইনের প্রতিদ্বন্দ্বিতা করার যোগ্যতা চূড়ান্তভাবে নষ্ট করে দিতে পারে।
পর্যবেক্ষকদের ধারনা, নির্বাচনী মওসুমে অভিবাসন-বিরোধী হাওয়াকে কাজে লাগানোর লক্ষ্য থেকেই বিদেশী কর্মীর ক্ষেত্রে বার্ষিক সংখ্যা স্থির করে দেয়ার প্রসঙ্গটি সামনে এনেছে টৌরীরা। ক্ষমতাসীন লেবার পার্টি ও তৃতীয় বৃহত্তম দল লিবারেল ডেমৌক্র্যাটিক পার্টি এ-ধরনের উদ্যোগের বিরোধী।
১৬/০৪/১০