সংবাদ পরিক্রমা
সংবাদ প্রতিবেদন
- মার্ক্সবাদী-লেনিনবাদী খানাল নেপালের প্রধানমন্ত্রী হলেন মাওবাদী প্রচণ্ডের হাত ধরে

ইউকেবেঙ্গলি, রোববার, ৬ ফেব্রুয়ারী ২০১১ - নেপালের ইউনিফাইড মার্ক্সিস্ট লেনিনিস্ট (ইউএমএল) পার্টির চেয়ারম্যান ঝল নাথ খানাল আজ রোববার দেশটির প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন। গত বৃহস্পতিবার পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠ দল মাওবাদী কমিউনিস্ট পার্টির নেতা পুষ্প কমল দাহাল ওরফে প্রচণ্ড নিজেকে প্রধামন্ত্রীত্বের প্রতিদ্বন্দ্বিতা থেকে সরিয়ে নিয়ে খানালকে সমর্থন করার পর দেশটি নেতৃত্বে ৭ মাস ধরে বিরাজমান সঙ্কট দূরীভূত হয়।
উল্লেখ্য, প্রচণ্ডের নেতৃত্বে নেপালের মাওবাদীরা ১৯৯৬ থেকে ২০০৬ সাল পর্যন্ত দীর্ঘস্থায়ী গেরিলা যুদ্ধের মাধ্যমে শক্তিভিত গড়ে তোলার পর একটি শান্তিচুক্তির মাধ্যমে উন্মুক্ত রাজনীতি অংশগ্রহণ করে। মাওবাদীরা ২০০৮ সালের সাংবিধানিক পরিষদের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা লাভ করে ২৪০ বছরের রাজতান্ত্রিক শাসনের অবসান ঘটিয়ে ফেডারেল ডেমৌক্র্যাটিক রিপাবলিক অফ নেপাল প্রতিষ্ঠা করে।
নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা লাভ করার পর মাওবাদীদের সরকার গঠন ও প্রধানমন্ত্রীর পদে প্রচণ্ড আসীন হলেও সেনাবাহিনীর প্রধানকে প্রতিস্থাপিত করার প্রশ্নে ভারতের সমর্থনপুষ্ঠ নেপালের প্রেসিডেন্টের সাথে মতবিরোধ জের ধরে তিনি পদত্যাগ করেন।
প্রচণ্ডের পদত্যাগের পর ইউনিফাইড কমিউনিস্ট (মার্ক্সবাদী-লেনিনবাদী) পার্টির নেতা মাধব কুমার নেপাল নেপালের প্রধানমন্ত্রী হিসেবে পার্লামেন্ট কর্তৃক নির্বাচিত হন, কিন্তু মাওবাদীদের সমর্থনের অভাব ও চাপের মুখে গত বছরের ৩০ জুন তিনি প্রধানমন্ত্রীত্ব থেকে পদত্যাগ করে অস্থায়ী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন এবং আজ অস্থায়ী প্রধানমন্ত্রীত্বের পদ থেকেও বিদায় নিয়ে তারই দলের সদস্য অথচ মাওবাদীদের সমর্থনপুষ্ঠ ঝল নাথ খানালের কাছে দায়িত্ব ত্যাগ করলেন।
প্রেসিডেন্ট রাম বরণ যাদবের কাছে শপথ কালে প্রধানমন্ত্রী খানাল বলেন, ‘আমি আমার দায়িত্ব পূরণ করতে জাতি ও এর জনগণের প্রতি সৎ ও নিবেদিত থাকবো।’ খানালের দায়িত্বের মধ্যে প্রধানতম হচ্ছে ১১১ দিবসের মধ্যে নেপালের যুক্তরাষ্ট্রীয় গণতান্ত্রিক লোকতন্ত্রের জন্য একটি সংবিধান রচনা করা।
প্রধানমন্ত্রীত্বের শপথ নিলেও খানাল এখনও তার মন্ত্রীপরিষদের নাম ঘোষণা করতে পারেননি। ধারণা করা হচ্ছে, মাওবাদীরা তার মন্ত্রীপরিষদের গুরুত্বপূর্ণ পদগুলো দাবী করবে। বিশ্লেষকদের ধারণা, নামে মাত্র প্রধানমন্ত্রী থাকলেও বস্তুতঃ সরকার চালাবেন মাওবাদীদের নেতা প্রচণ্ড।