• রুমানিয়ায় বেতন ও পরিষেবা সঙ্কোচনের জেরঃ গণ-বিক্ষোভে সরকারের পতন
    romania_protest_jan2012.jpg

    ইউকেবেঙ্গলি - ৬ ফেব্রুয়ারী ২০১২, সোমবারঃ  কর্মীদের বেতন-কর্তন ও স্বাস্থ্য-সহ প্রায় সকল সরকারী সেবাখাতে কৃচ্ছতা কর্মসূচির বিরুদ্ধে টানা ৩ সপ্তার গণ-বিক্ষোভের মুখে পতন ঘটছে রুমানিয়ার সরকারের। আজ দেশটির প্রধানমন্ত্রী এমিল বক তাঁর পূর্ণ মন্ত্রীসভা-সহ পদত্যাগ করেছেন। প্রেসিডেন্ট ত্রাইয়ান বাসেস্কু পদত্যাগী মন্ত্রীসভার বিচার-মন্ত্রী ও একমাত্র স্বতন্ত্র সদস্য কাতানিল প্রিদয়ুকে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী নিযুক্ত করেছেন।

    ২০০৮ সালে প্রধানমন্ত্রী হওয়ার পর ২০০৯ সালে বক আইএমএফে, বিশ্ব-ব্যাঙ্ক ও ইউরোপীয়ান ইউনিয়নের কাছ থেকে ২০০কোটি ইউরো ঋণ নেন। ঋণের সাথে তারা শর্ত দেয় দেশটির সরকারী কর্মীদের বেতন ২৫% কর্তন ও স্বাস্থ্য-সহ অনেকগুলো সেবাখাত বেসরকারী-করণের। ২০১০ সালে বিক্রয়-কর বাড়ানো ১৯% থেকে ২৪%-এ বাড়ানো হয়, যার ফলে নিত্য-প্রয়োজনীয় দ্রব্যের মূল্যে বৃদ্ধি ঘটে।

    এমন পরিস্থিতে প্রথমে বিভিন্ন শহরে শুরু হয় তরুণদের অসংগঠিত প্রতিবাদ। তারপর বুখারেস্টের ঐতিহাসিক ইউনিভার্সিটি স্কোয়ারকে কেন্দ্র করে এ-বছরের শুরুতে তা সরকার পতনের ডাক দিয়ে রূপ নেয় গণবিক্ষোভে। পুলিসের সাথে সংঘর্ষের ফলে বহু বিক্ষোভকারী আহত ও গ্রেফতার হন। জানুয়ারীতে রোদিকা পাত্রান নামক অবসর-যাপনকারী একজন বিক্ষোভকারিনী এএফপিকে বলেন, 'এ-দারিদ্র্য আর সহ্য করতে পারছি না'।

    পদত্যাগের কারণ বর্ণনা করতে গিয়ে বক বলেন, 'সামাজিক অস্থিরতা কমাতে' ও রুমানিয়ার স্থিতিশীলতার স্বার্থে তিনি গদি ছেড়ে দিয়েছেন। কর্মীদের বেতন ও সেবার কৃচ্ছতা প্রসঙ্গে তিনি বলেন, 'আমি জানি আমাকে কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে, কিন্তু তা করতে হয়েছে রুমানিয়ার ভবিষ্যত চিন্তা করে'।

    সরকারের পদত্যাগে বিরোধী-দলগুলো উল্লাস প্রকাশ করেছে। লিবারেল পার্টির প্রধান ক্রিয়ান এ্যান্তোনেস্কু একে, 'রাজপথে যারা বিক্ষোভ করেছেন তাদের বিজয়' বলে মন্তব্য করেছেন। সৌশ্যাল ডেমৌক্রেইট পার্টির প্রধান ভিক্টর পোন্তা বলেছেন যে তিনি প্রেসিডেন্টের কাছে আগাম নির্বাচনের দাবী জানাবেন।

    দেশটির প্রথানুসারে, নতুন প্রধানমন্ত্রী প্রিদয়ু ৬০ দিন সময় পাবেন, যার মধ্যে তাঁকে পার্লামেন্টের কাছ থেকে একটি নতুন সরকার অনুমোদন করিয়ে নিতে হবে। এতে ব্যর্থ হলে পার্লামেন্ট ভেঙ্গে দিয়ে নির্বাচন দেয়া হবে।

আপনার মন্তব্য

এই ঘরে যা লিখবেন তা গোপন রাখা হবে।
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd>
  • Lines and paragraphs break automatically.

লেখা ফরম্যাট করার বিষয়ে আরো তথ্য

আপনি নিবন্ধিত সদস্য হলে আপনার ব্যবহারকারী পাতায় গিয়ে এই সেটিং বদল করতে পারবেন