সংবাদ পরিক্রমা
সংবাদ প্রতিবেদন
- সিংহাসনারোহণের ৫৯তম বার্ষিকী পালন করলেন রানি চার্চে গিয়ে

ইউকেবেঙ্গলি, রোববার, ৬ ফেব্রুয়ারী ২০১১ - আজ থেকে ৫৯ বছর আগে অর্থাৎ ১৯৫২ সালের ৬ই ফেব্রুয়ারীতে তৎকালীন রাজা ৬ষ্ঠ জর্জের হঠাৎ তার প্রথম সন্তান হিসেবে ২৫ বছর বয়সে দ্বিতীয় এলিজাবেথ যুক্তরাজ্যের সিংহাসনারোহণ করেন। আজ রোববার তিনি নরফৌকের ওয়েস্ট নিউটনের সেন্ট পল্ চার্চে গিয়ে ৫৯ বছর আগের এ-স্মরণীয় দিবসটি পালন করেন।
সিংহাসনারোহণ বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে আয়োজিত বিশেষ সার্ভিসে যোগ দেবার জন্য আগত রানিকে শুভেচ্ছা জানাতে চার্চের আঙ্গিনায় আসেন প্রায় দুশো মানুষ। রানি তার শুভাকাঙ্খীদের সাথে কুশল বিনিময় করেন ও ফুল গ্রহণ করেন।
রানির সাথে ছিলেন ডিউক অফ এডিনবরা প্রিন্স ফিলিপ - যেমনিভাবে ছিলেন আজ থেকে ৫৯ বছর আগে। ১৯৫২ সালের সংবাদপত্রে সেদিন রানির স্বামী ফিলিপকে প্রিন্স অফ গ্রীস ও ডিউক অফ এডিনবরা বলে উল্লেখ করা হয়। উল্লেখ্য, রানির স্বামী গ্রীসের রাজপরিবারে সদস্য।
রানির অনুষ্ঠানে নিরাপত্তা বিধানের জন্য ২০ পুলিস অফিসারের একটি দল বাইরে ভিড় করা মানুষের উপর কড়া নজর রাখে। রানি ও তার স্বামী নতুন বছর কাটাতে বেশ কিছুদিন থেকে নিকটবর্তী স্যান্ড্রিংহ্যামে রাজকীয় বাসভবনে অবস্থান করছিলেন। আগামীকাল তারা লন্ডনের বাকিংহ্যাম প্রাসাদে ফিরে যাবেন বলে রাজকীয় সূত্রে জানানো হয়।
উল্লেখ্য, ১৯৫২ রাজা ৬ষ্ঠ জর্জ যখন ৬ ফেব্রুয়ারীর প্রত্যুষে ঘুমের মধ্যে মৃত্যু মুখে পতিত হন, তখন তিনি এই স্যান্ড্রিংহ্যামে অবস্থান করছিলেন। এ-সময়ে কমনওয়েলথে ভ্রমণের অংশ হিসেবে রাজকুমারী এলিজাবেথ কেনিয়াতে ছিলেন।
পিতার মৃত্যু সংবাদ পেয়ে তিনি দ্রুত রাজধানী লন্ডনে ফিরে আসেন এবং ব্রিটিশ সাম্রাজ্যের অধীন জাতিসমূহের সার্বভৌমত্বের শপথ নেন। পরবর্তী বছর ১৯৫৩ সালের ২রা জুন লন্ডনের ওয়েস্টমিনস্টার এ্যাবীতে তার অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়।