• সুইৎজারল্যান্ডে জুতো ও হ্যান্ডকাফ এড়াতে জর্জ বুশের সফর বাতিল
    News20110206-Bush-cancels-Geneva-visit.jpg

    ইউকেবেঙ্গলি, রোববার, ৬ ফেব্রুয়ারী ২০১১ - আমেরিকার যুক্তরাষ্ট্রে প্রাক্তন প্রেসিডেন্ট জর্জ বুশ আগামী সপ্তাহের জন্য তার পূর্ব-নির্ধারিত সুইৎজারল্যান্ডের জিনিভা সফর বাতিল করেছেন। মতান্তরে দ্বিবিধ কারণে এ-সফর বাতিল করা হয়েছে বলে প্রকাশিত সংবাদ থেকে প্রতিয়মান হয়।

    আন্তর্জাতিক ইহুদী দাতব্য সংগঠন ইউনাইটেড ইসরায়েল এ্যাপীলের সুইৎজারল্যান্ড শাখা জিনিভাতে আগামী শুক্রবারে অনুষ্ঠেয় তাদের একটি ভোজ-সভাতে বক্তৃতা করার জন্য নিমন্ত্রণ করেছিলো প্রাক্তন জর্জ বুশকে।

    সুইৎজারল্যান্ডের বিখ্যাত দৈনিক ট্রিবিউন, জানায় বিভিন্ন ‘বামপন্থী’ দলের উদ্যাগে অনুষ্ঠান স্থান হৌটেল উইলসনের সামনে বিক্ষোভ প্রদর্শনের কর্মসূচি ঘোষণা করলে নিমন্ত্রক সংগঠনটি বুশের বক্তৃতানুষ্ঠানটি বাতিল করে।

    ট্রিবিউন ডি জিনিভা জানায়, বিক্ষোভ আয়োজনকারী দলগুলো বিক্ষোভে অংশগ্রহণেচ্ছু প্রত্যেককে একটি করে জুতো নিয়ে আসার জন্য অনুরোধ করে। দৃশ্যতঃ প্রেসিডেন্ট বুশের প্রতি জুতো নিক্ষেপকারী ইরাকী সাংবাদিকের প্রতি একাত্মতা প্রকাশ করে সম্ভাব্য বিক্ষোভকারীদের পায়ে ব্যবহারের বাইরে একটি করে জুতো আনার অনুরোধ করা হয়।

    প্রাক্তন প্রেসিডেন্ট বুশের কর্মসূচি বাতিল প্রসঙ্গে তার মুখপাত্র ডেইভিড শেরজার এসৌসিয়েট প্রেসকে বলেন, ‘আমরা দুঃখিত যে, বক্তৃতা বাতিল করা হয়েছে। প্রেসিডেন্ট বুশ স্বাধীনতা বিষয়ে বক্তব্য রাখার এবং ক্ষমতায় থাকা-কালের স্মৃতিচারণ করার অপেক্ষায় ছিলেন।’

    নিমন্ত্রণকারী প্রতিষ্ঠানটির আইনজীবী রবার্ট একুয়ির উদ্বৃতি দিয়ে জিনিভার ট্রিবিউন পত্রিকা জানায়, ‘বামপন্থী দলসমূহের প্রতিবাদ কর্মসূচি সহিংসতার ঝুঁকি তৈরী কারণে প্রেসিডেন্ট বুশের সফরটি বাতিল করা হয়েছে।’ তিনি বলেন, ‘বিক্ষোভ প্রদর্শনের আহবান বিপদজনক পথে গড়াচ্ছিলো।’ পত্রিকাটি জানায়, ‘বিক্ষোভ সংগঠকেরা শৃঙ্খলা রক্ষায় সক্ষম বলে দাবী করলেও কোনো সম্ভাব্য উচ্ছাস সংবরণের বিষয়ে দায়ী থাকবে না বলে জানিয়েছে।’

    এদিকে, অগ্রগামী মানবাধিকার সংস্থাসমূহ জানাচ্ছে, তারা বুশের বিরুদ্ধে আফগানিস্তান, ইরাক ও তথাকথিত ওয়্যার অন টেররের ফ্রন্টগুলো থেকে জঙ্গী সন্দেহে ধৃতদের উপর নির্যাতনের অভিযোগ বিধৃত ২,৫০০ পৃষ্ঠার একটি মামলা জিনিভার আদালতে সোমবারে হাজির করবেন।

    অবশ্য, আইন বিশেষজ্ঞরা বলেছেন, বুশের সুইৎজারল্যান্ডে আসা ও যাওয়ার মধ্যবর্তী সময়ের মধ্যে তার বিরুদ্ধে আনীত অভিযোগ পরীক্ষা করে আইনী পদক্ষেপ গ্রহণের সুযোগ সুইৎজারল্যান্ডের প্রসিকিউটরগণের হতো না।

    এদিকে, সুইৎজারল্যান্ডের বিচার বিভাগের মুখপাত্র ফলকৌ গ্যালি জানান, বিচার বিভাগের প্রাথমিক বিবেচনা অনুসারে, প্রাক্তন রাষ্ট্র প্রধান হিসেবে ক্ষমতায় থাকা অবস্থায় কৃত কর্মের জন্য বিচারের সম্মুখীন না হবার অধিকার বুশ পাবেন।

    বিপরীতে, এ্যামিনেস্টী ইন্টারন্যাশনালের আন্তর্জাতিক আইন ও পলিসি বিভাগের সিনিয়র ডাইরেক্টর উইড্‌নী ব্রাউন বলেছেন, যুদ্ধাপরাধের বিচারে প্রতি প্রতিশ্রুতিবদ্ধ যে-কোনো দেশেই জর্জ বুশ পরবর্তীতে সফরে যান, তারা তার বিচারের প্রচেষ্টা অব্যাহত রাখবে।

    নিউ ইয়র্ক ভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ এবং ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ হিউম্যানরাইটস দাবী করেছে, বুশের বিরুদ্ধে পানিতে চুবিয়ে বন্দীদের জিজ্ঞাসাবাদ করা-সহ বিভিন্ন নির্যাতনের যে-অভিযোগ গড়ে উঠছে, জিনিভাতে বক্তৃতা বাতিলের বিষয়টি তার সাথে যুক্ত।’

    কিন্তু বুশকে নিমন্ত্রণকারী সংগঠনের প্রতিনিধি কেরেন হেইসৌড শনিবার ঘোষণা করেন, অনুষ্ঠানে বুশের অংশগ্রহণ বাতিল করা হয়েছে নিরাপত্তার বিবেচনায় - তার বিরুদ্ধে অপরাধের অভিযোগ উত্থাপনের কারণে নয়।’

    নিউ ইয়র্কের সেন্টার ফর কনস্টিটিউশন্যাল রাইটস সংবাদ-মাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে দাবী করেছে বলেছে, ‘বুশ বা তার অতিথিরা যাই বলুক না কেনো, আমাদের কোনো সন্দেহ নেই যে, আমাদের মামলার ভয়েই এ-সফর বাতিল করা হয়েছে।’ রয়টার্সকে দেয়া বিবৃতিতে হিউম্যান রাইটস ওয়াচের কাউন্সেল রীড ব্রোডী বুশের জিনিভা সফরের বাতিলের বিষয়ে বলেন, ‘তিনি হ্যান্ডকাফ এড়াচ্ছেন।’

আপনার মন্তব্য

এই ঘরে যা লিখবেন তা গোপন রাখা হবে।
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd>
  • Lines and paragraphs break automatically.

লেখা ফরম্যাট করার বিষয়ে আরো তথ্য

আপনি নিবন্ধিত সদস্য হলে আপনার ব্যবহারকারী পাতায় গিয়ে এই সেটিং বদল করতে পারবেন