সংবাদ পরিক্রমা
সংবাদ প্রতিবেদন
- হতাশ বাংলাদেশঃ বিধি ভেঙ্গে মনমোহন সিংকে বরণ করলেও তিস্তার পানি মেলেনি

ইউকেবেঙ্গলি - ৬ সেপ্টেম্বর ২০১১, মঙ্গলবারঃ কূটনৈতিক বিধি - অর্থাৎ প্রটোকল - ভেঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াজেদ স্বয়ং বিমানবন্দরে বরণ করার পরও বহু আকাঙ্খিত আন্তর্জাতিক তিস্তা নদীর পানি ভাগের চুক্তিতে সাক্ষর করেননি সফররত ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহন সিং। প্রত্যুত্তরে বাংলাদেশও সাক্ষর করেনি ভারতের চির-প্রত্যাশিত ট্র্যানজিট চুক্তি।
১২ বছরের মধ্যে এই প্রথম কিন্তু বহুলাংশে ব্যর্থ ভারতীয় প্রধানমন্ত্রীর এ-সফরকে ‘ঐতিহাসিক’ করার তাগিদে ১৯৭৪ সালে সাক্ষরিত ইন্দিরা-মুজিব সীমান্ত চুক্তিকে বাস্তবায়িত করার প্রটোকল সাক্ষর করেছে দু-দেশ। ভারতের ভিতর বাংলাদেশের ৫১টি ও বাংলাদেশের ভিতর ভারতের ১১১টি ছিটমহল হস্তান্তরের আগের পর্যন্ত দহগ্রাম ও আঙ্গুরপোতা নামের দুটি বাংলাদেশী ছিটমহলের জন্য তিনবিঘা করিডৌর ২৪ ঘন্টা খোলা রাখায় সম্মত হয়েছে ভারত। এ-ছাড়াও বাণিজ্য যুক্তির অধীন ৬৪টি বাংলাদেশী পণ্য ভারতে শুল্কমুক্ত-আমদানীতেও রাজী হয়েছে ভারত।
পূর্ব-সম্মতি অনুসারে আজ কথা ছিলো ভারত-বাংলাদেশ ৫২% ও ৪৮% হারে তিস্তার পানি বন্টনের চুক্তি করবে। কিন্তু ভারতীয় বাঙালী রাজ্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী তাতে শেষ মুহূর্তে অসম্মতি জানানোতে ভারতীয় সংবিধান অনুসারে কেন্দ্রীয় প্রধানমন্ত্রী মনমোহন সিং চুক্তি সাক্ষর করতে পারবেন না বলে জানতে পারার পর বাংলাদেশের সরকার ও আমলাতন্ত্র হতাশ হয়ে পড়ে।
ব্যর্থতায় পতিত হবার আগে পর্যন্ত বাংলাদেশের বিদেশ-মন্ত্রী ও সংশ্লিষ্ট আমলারা অটল আত্মপ্রত্যয় নিয়ে নিশ্চিত করেছিলেন যে তিস্তার পানি চুক্তি হবেই। কিন্তু বাস্তবে তিস্তার পানি না পাওয়াতে বাংলাদেশ পূর্ব-সম্মত ফেনী নদীর পানি-চুক্তিও সাক্ষর করতে অস্বীকৃতি জানিয়েছে।
ট্র্যানজিটে ভারত 'পথ দেখাও' নীতি অনুসরণ করে বাংলাদেশের জন্য ভারতের উপর দিয়ে নেপালে বাংলাদেশের পণ্য পরিবহনের ট্র্যানজিট সুবিধা দিয়েছে। ভারতের আশা, প্রয়োজনীয় অধিকাঠামো তৈরী হবার পর বাংলাদেশ তাকে স্থলপথে ট্র্যানজিট এবং সমুদ্রপথে চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহারের সুবিধাদি দিবে।
প্রথানুসারে, সফররত প্রধানমন্ত্রী মহনমোহন সিং ও স্বাগতিক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াজেদ তাঁদের মধ্যকার শীর্ষ-বৈঠককে 'ফলপ্রসূ' বলে উল্লেখ করেছেন।
আপনার মন্তব্য
সম্পর্কিত অন্যান্য
- এ কোন্ দেশ? কেউ কাউকে চিনেন না!
- বাংলাদেশে অবৈধ টাকা বৈধকরণঃ প্রধানমন্ত্রী অনুরোধ করলেন অর্থমন্ত্রীকে
- নেপাল সরকার আবার মাওবাদীদের হাতেঃ বাবুরাম ভট্টরাই প্রধামন্ত্রী হলেন
- ভারতে দুর্নীতি-বিরোধী আন্দোলক গ্রেফতারঃ দেশ-জুড়ে বিক্ষোভ ও প্রতিবাদ
- বাংলাদেশে স্কুল-ছাত্র বোঝাই ট্রাক উল্টে জলে ডুবে গিয়ে ৪৪ জনের মৃত্যু