সংবাদ পরিক্রমা
সংবাদ প্রতিবেদন
- ব্রাউনের দাবীঃ ইরাক অভিযান ছিলো 'সঠিক কারণে' 'সঠিক সিদ্ধান্ত'
সাদ্দাম হোসেনের বিরুদ্ধে যুদ্ধ শুরুর সিদ্ধান্ত সঠিক ছিলো বলে দাবী করেছেন ব্রিটেইনের প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন। শুক্রবার ইরাক অভিযান বিষয়ক কমিশনের সামনে হাজির হয়ে এ-দাবী পেশ করেছেন তিনি। ব্রিটেইনের প্রধানমন্ত্রীর দাবী ২০০৩ সালে ইরাকে অভিযান শুরুর সিদ্ধান্তটি ছিলো 'সঠিক সিদ্ধান্ত, এবং তা ছিলো 'সঠিক কারণে'।
মার্কিন-ইঙ্গ নেতৃত্বে ইরাকে অভিযানকে সঠিক হিসাবে দাবী করলেও, যুদ্ধ-পরবর্তী সময়ে করনীয়গুলোর ব্যাপারে যুক্তরাষ্ট্রকে ভালোভাবে বুঝানোর ক্ষেত্রে নিজ-ব্যর্থতার জন্য অনুশোচনা প্রকাশ করেন ব্রাউন। এছাড়াও 'বন্দুকের নলের মুখে' শান্তি-প্রতিষ্ঠার সম্ভাবনা দেখার জন্য নব্য-রক্ষনশীলদের কড়া সমালোচনা করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। চিলকট তদন্ত কমিশনের সামনে চার-ঘন্টা ব্যাপী বক্তব্য প্রদানের শুরুতে ইরাকে নিহত ব্রিটিশ সেনাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন ব্রাউন।
ইরাকে যুদ্ধ শুরুকে সঠিক হিসাবে বর্ণনাকালে ব্রাউন দাবী করেন যে সে-সময় সন্ত্রাসবাদ ও 'দূর্বৃত্ত রাষ্ট্রগুলো' 'দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে দুটি ঝুঁকির কারণ' হয়ে উঠেছিলো। গোয়েন্দাদের দেয়া একের পর এক প্রতিবেদনের ভিত্তিতেই ইরাক অভিযানে মত দেয়ার ব্যাপারে মনস্থিরে সমর্থ হয়েছিলেন বলে জানান ব্রাউন। টনি ব্লেয়ারের উত্তরসূরীর মতে সাদ্দাম হোসেন জাতিসংঘের প্রস্তাবনাগুলো একের পর এক লঙ্ঘন করে চলেছিলেন এবং তাকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন না করার ব্যাপারে একটি বার্তা পৌঁছে দেয়াটা প্রয়োজন হয়ে পড়েছিলো।
ব্রাউনের দেয়া তথ্যমতে ব্লেয়ার ও তিনি ইরাক বিষয়ে একটি কূটনীতিক সমাধানের চেষ্টা চালিয়েছিলেন। ব্রাউন এ-প্রসঙ্গে বলেন, আমরা কেউ যুদ্ধে যেতে চাইনি, নিরপরাধ মানুষের মৃত্যু কেউই চাইনি। প্রতিরক্ষা-ব্যয় প্রসঙ্গে ব্রাউন জানান সামরিক অভিযান শুরু করা হলে অর্থের কোন সমস্যা হবে না বলে তিনি ব্লেয়ারকে জানিয়েছিলেন। উল্লেখ্য, ব্রাউন সে-সময় চ্যান্সেলরের দায়িত্বে ছিলেন।
০৫/০৩/১০