সংবাদ পরিক্রমা
সংবাদ প্রতিবেদন
- টাওয়ার হ্যামলেটসের ক্যালেন্ডারে বাঙালী উধাও কেন?মাহমুদ হাসান
লন্ডনের ‘সুরমা’ পত্রিকায় চলতি সপ্তাহের (১৯-২৫ মার্চ) একটি রিপোর্ট পড়ে মর্মাহত হলাম। রিপোর্টটিতে পূর্ব লন্ডনের বাঙালী অধ্যুষিত টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ২০১০ সালের বিশেষ বাংলা ক্যালেন্ডারে বাঙালীর প্রধানতম দুই দিবস পহেলা বৈশাখ ও ২১ শে ফেব্রুয়ারীর উল্লেখ না থাকা আর অসংখ্য বানান ভুলের বিস্তারিত বিবরণ তুলে ধরা হয়েছে।
উল্লেখ করার মত বিষয় হচ্ছে এই ক্যালেন্ডারে খৃষ্টীয় নববর্ষ (১ জানুয়ারী), পহেলা মার্চ হিন্দু পার্বন হোলি (১ মার্চ), ইহুদী নববর্ষ (৯ সেপ্টেম্বর), ইথিওপিয়ার নববর্ষ (১১ সেপ্টেম্বর), জৈন নববর্ষ (৫ নভেম্বর), আরবী নববর্ষের (৭ ডিসেম্বর) উল্লেখ আছে। কিন্তু উল্লেখ নেই বাংলা নববর্ষ ও একুশে ফেব্রুয়ারীর। অথচ টাওয়ার হ্যামলেটসের ৩৬ থেকে ৩৭ শতাংশ বাসিন্দা বাঙালী। আর ৫১ জন কাউন্সিলরের মধ্যে দুই-তৃতীয়াংশই বাঙালী। এত সংখ্যাগরিষ্ঠতা থাকলেও একুশে ফেব্রুয়ারী ও পহেলা বৈশাখ নাম বাদ দেওয়া হল কেন? বাঙালী কাউন্সিলরাদের এ ব্যাপারে কিছু বলার থাকলে তা আমরা জানতে চাই।
পুরো ব্যাপারটিকে অত্যন্ত সুপরিকল্পিত এক ষড়যন্ত্রর একটা অংশ বলে মনে হয়। কারণ কোন মতেই ঘটনাটিকে অনিচ্ছাকৃত ভুল বলা যায় না। কারণ বৈশাখী মেলা বর্তমানে এদেশের অন্যতম বৃহৎ স্ট্রীট ফ্যাস্টিভাল আর একুশে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ফেব্রুয়ারী শুধু বাঙালীদের ভাষা দিবস নয়,সারা দুনিয়াব্যাপী এটা পালন হয়ে আসছে। ভাষার প্রতি এত বড় ত্যাগ পৃথিবীর ইতিহাসে বিরল। অথচ এত বাঙালী কাউন্সিলর থাকতে বাঙালীদের টাওয়ার হ্যামলেটসে একুশে ফেব্রুয়ারীর কোন উল্লেখ থাকলো না। আমরা অবশ্য জানি যে আমাদের নিজেদের মধ্যেই একটি ক্ষুদ্র অংশ নববর্ষের বিরোধীতা করে ও একুশে ফেব্রুয়ারী পালন করে না। ক্যালেন্ডারের ক্ষেত্রে তাদের ভূ্মিকা
আছে কি? জনমনে এটা প্রশ্ন জাগে। আরো প্রশ্ন হচ্ছে, বাঙালী কাউন্সিলাররা শুধু ভোটের প্রয়োজনে বাঙালী কমিউনিটিকে ব্যবহার করে, না কি সত্যিই বাংলা ভাষাকে লালন করে? বাঙালী সংস্কৃতির প্রতি এদের অনীহার বহিঃপ্রকাশ এখন স্পষ্ট। বাঙালীর নববর্ষ আর একুশে ফেব্রুয়ারীর উল্লেখ টাওয়ার হ্যামলেটস ক্যালেন্ডারে কেনো নাই তা আজ ব্রিটেনের বাঙালীরা জানতে চায়।
ক্যালেন্ডারে অসংখ্য ভুল বানান ও বাক্য সম্পর্কে এ কথাই বলতে চাই যে জনগনের ট্যাক্সের অর্থ ইচ্ছামত খরচ করার আগে কাউন্সিলকে অবশ্যই ভাবতে হবে এবং যোগ্য লোকের হাতে দায়িত্ব দিতে হবে।
টাওয়ার হ্যামলেটসের বাসিন্দা হিসাবে আমাদের দাবী হচ্ছে ভুলে ভর্তি ও সন্দেহজনকভাবে বাংলা নববর্ষ ও একুশে ফেব্রুয়ারীর উল্লেখ না থাকা ক্যালেন্ডারটি অবিলম্বে প্রত্যাহার করা হোক।২৩/০৩/২০১০
Kara eta koreche ta bujte eto osubidha hocche?